১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে চিঠি

চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে চিঠি জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়, অন্যান্য শিক্ষা বোর্ড আর মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া) পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

শনিবার আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ চিঠি জারি করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সব বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের পরীক্ষা স্থগিতের অনুরোধের প্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সব জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাইয়ের (বৃহস্পতিবার) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া) অন্যান্য জেলার এই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।